মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসজীবনের সমস্ত উপার্জিত অর্থ আত্মসাৎ, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্ত্রী, মেয়েসহ কয়েকজন স্বজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসী।
গত মঙ্গলবার রাতে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী মো. মোয়াজ্জেম শেখ (৪৫)। তিনি উপজেলার পূর্ব কাকালদী গ্রামের বাসিন্দা।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে অবস্থানকালে উপার্জিত সমস্ত অর্থ স্ত্রী ইতি বেগমের কাছে পাঠাতেন মোয়াজ্জেম শেখ। ওই অর্থ দিয়ে জমি ক্রয় ও বাড়ি নির্মাণের কথা থাকলেও ইতি বেগম তা নিজের নামে করেন এবং মোয়াজ্জেমের পাঠানো টাকায় নিজের পৈতৃক সম্পত্তিতে ঘর তোলেন।
অভিযোগে ভুক্তভোগী দাবি করেন, গত ২৭ জুলাই মালখানগর এলাকায় স্ত্রীর পৈতৃক বাড়িতে গেলে অভিযুক্তরা তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তার হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পরদিন (২৮ জুলাই) সকালেও তাকে পুনরায় বেঁধে নির্যাতন করা হয়। এ সময় অভিযুক্ত বাবু নামে একজন তার বাম চোখে ঘুষি মেরে গুরুতর জখম করেন।
নৃশংস নির্যাতনের বিবরণ দিয়ে মোয়াজ্জেম শেখ অভিযোগে উল্লেখ করেন, যন্ত্রণায় পানি পান করতে চাইলে তাকে টয়লেটের বদনায় পানি এনে মুখে ঢেলে দেওয়া হয়। এরপর জোরপূর্বক তাকে বাড়ি থেকে বের করে দেন অভিযুক্তরা। পরবর্তীতে কষ্টার্জিত অর্থ ও সম্পত্তি ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে তিনি ন্যায়বিচার ও আইনগত পদক্ষেপের দাবিতে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইতি বেগমের বক্তব্য বলেন যদি সে আমাকে টাকায় দিত তাহলে আট বছর আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় কাজ করে খেতে হতো না উনি থানায় যে অভিযোগ করেছেন সেটা একটা মিথ্যা অভিযোগ করেছেন আমি এগুলো কিছুই করিনি উল্টো উনি আমার বাসায় হামলা করছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।