“সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রোয়াংছড়ি টাউন হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অংশৈ মং মারমা। বিশেষ অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং পিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মারমা।
সম্মেলনে রোয়াংছড়ি থানা শাখার সভাপতি হ্লামংচিং মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিলাল তনচংগ্যার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন থানা শাখার সাংগঠনিক সম্পাদক অংশৈ সাই মারমা।
বক্তারা তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যা, জুম্ম জনগণের অধিকার, পাহাড়ে সেনা ক্যাম্প, ভূমি বিরোধ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা দাবি করেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি এবং এ অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি তরুণ সমাজকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি অংশৈ মং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় এ অঞ্চলের বিভিন্ন সমস্যা এখনও বিদ্যমান রয়েছে। তিনি তরুণদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি অন্তর চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নানা বৈষম্য ও বঞ্চনার মধ্য দিয়ে গড়ে উঠেছে। তিনি চুক্তি বাস্তবায়ন, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রসমাজকে বৃহত্তর আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মারমা বলেন, সংগঠনের আদর্শ ধারণ করে জুম্ম জনগণের অধিকার ও অস্তিত্ব রক্ষার আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে মনিলাল তনচংগ্যাকে সভাপতি, চসিংথোয়াই মারমাকে সাধারণ সম্পাদক এবং অংসাপ্রু মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট পিসিপি রোয়াংছড়ি থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেঙ ইয়ং ম্রো।