"কাগজে কলমে সচল বাস্তবে অচল মিল" রায়গঞ্জে পরিত্যক্ত চালকলেও সরকারি বরাদ্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিত্যক্ত ও অস্তিত্বহীন চালকলের নামেও সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় চাল সরবরাহের বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার নিবন্ধিত ১৪২টি চালকলের মধ্যে প্রায় ৫৪টির অস্তিত্ব ও কার্যক্রম নিয়ে প্রশ্ন থাকলেও সেগুলোর নামেই সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, অভিযোগে থাকা একাধিক চালকল বহু বছর ধরে বন্ধ। কোথাও মিলঘর তালাবদ্ধ, কোথাও আগাছায় ঢেকে গেছে, আবার কোথাও যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, এসব মিলে দীর্ঘদিন ধরে চাল উৎপাদন হয় না। এরপরও কাগজে-কলমে সচল দেখিয়ে সরকারি বরাদ্দ নেওয়া হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. মোত্তালেব সেখের নামে চারটি লাইসেন্স রয়েছে। এর মধ্যে দুটি মিলে উৎপাদন নেই। একটি মিলে কখনো চাল উৎপাদন হয়নি বলে স্থানীয়দের দাবি, আরেকটিতে প্রায় ১৫ বছর ধরে গরুর খামার রয়েছে। তবুও ২০২৬ সালের সংগ্রহ কর্মসূচিতে তাঁর চারটি প্রতিষ্ঠানের নামে মোট ৪১৬.৫৮৮ মেট্রিক টন চাল সরবরাহের বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া সিমলা এলাকার মামাভাগ্নে সেমি অটো চালকলের মালিক আব্দুস সোবাহানের বিরুদ্ধে নিজের ও স্বজনদের নামে তিনটি লাইসেন্সের মাধ্যমে ২০৯ মেট্রিক টনের বেশি এবং সলঙ্গা এলাকার রহমান সেমি অটো চালকলের মালিক অস্তিত্বহীন চালকলসহ দুটি প্রতিষ্ঠানের নামে ১৬৪.৩৪৮ মেট্রিক টন চাল সরবরাহের বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে আরও প্রায় ৪৬টি চালকলের বিরুদ্ধে।
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোত্তালেব সেখ বলেন, তাঁর চারটি চালকলই বরাদ্দ পেয়েছে। সব মিলে উৎপাদন চালু থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অন্য চাতাল থেকে চাল কিনেও সরবরাহ করা যায়। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ বলেন, নিজস্ব মিলের উৎপাদিত চাল ছাড়া অন্য চাতালের চাল সরবরাহ বিধিসম্মত নয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ইতোমধ্যে পাঁচটি মিলের বরাদ্দ বাতিল করা হয়েছে। নতুন অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. তুহিন আলম বলেন, রায়গঞ্জের অধিকাংশ চালকলের পরিবেশগত ছাড়পত্র নেই। শিগগিরই নোটিশ ও অভিযান পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments