সিরাজদিখানে সরকারি ল্যাট্রিন ছিনিয়ে নেওয়ার অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০২৬
news-banner
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে দরিদ্র পরিবারের জন্য সরকারি বরাদ্দের ৫০টি ইম্প্রভড (টুইন পিট) ল্যাট্রিন স্থানীয় বিএনপি নেতা ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লতব্দী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান খোকন।
 
​সংবাদ সম্মেলনে সামসুদ্দিন খান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজদীখান উপজেলা কার্যালয়ের মাধ্যমে গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় লতব্দী ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্য ৫০টি টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্যের নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে জোরপূর্বক স্বাক্ষর করাতে বাধ্য করেন।
 
​প্যানেল চেয়ারম্যানের দাবি, প্রকৃত উপকারভোগীদের মধ্যে ল্যাট্রিনগুলো বিতরণ না করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে তিনি ও পরিষদ সদস্যরা জবাবদিহির মুখে পড়ছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
 
​সংবাদ সম্মেলনে লতব্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
​অভিযোগের বিষয়ে লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া বলেন, আমি ইউনিয়ন পরিষদে ৪৫টি টুইন পিট ল্যাট্রিনের আবেদনপত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার জন্য যাই। তখন তারা স্বাক্ষর দিতে অনীহা প্রকাশ করেন। পরে আমি সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার ভাইয়ের নির্দেশের কথা জানাই। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে পাঁচজন করে মোট ৪৫ জন প্রকৃত উপকারভোগীর আবেদনপত্র প্রস্তুত করে জনস্বার্থে স্বাক্ষরের জন্য বলেছিলাম, পরে তিনি স্বাক্ষর করেন।
 
​বিএনপি নেতা ওসমান হারুন আরও দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল দলের ভাবমূর্তি ও আমার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি।
 
​এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান বলেন, বরাদ্দকৃত ল্যাট্রিনগুলো সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে বিতরণের কথা। তবে সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে আমাকে ইউনিয়ন পরিষদ থেকে কিছু জানানো হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করে বিস্তারিত বলতে পারব।

Leave Your Comments