সিরাজগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত-৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সদর উপজেলার নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক রাস্তার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী (১৯) সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে। আহত আরও ৩ জন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , হাটিকুমরুল থেকে চারজন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে অটোরিকশাটি ডান দিকে কাত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।
সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চার যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কলেজছাত্রী নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিএনজিচালক নজরুলকেও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান বলেন, চণ্ডীদাসগাঁতী বাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 

Leave Your Comments