সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ছয়দফা দাবিতে বিক্ষোভ

এম আজম কামাল সৈয়দপুর প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে ছয়দফা দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম, আব্দুস সালামসহ অন্যরা।

সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসময় তারা ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করেন।

ফোরামের নেতারা আরো বলেন, এস আলম শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। মূল উদ্যোক্তাদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তর এবং সুশাসন নিশ্চিত করতে হবে। এসময় তারা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।

গ্রাহকের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Leave Your Comments