বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

Date: বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
news-banner
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে স্থানীয়রা,
 সরকারি উন্নয়নকাজে বাধা, হুমকি, ভূমি দখলের চেষ্টা ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে । একই সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইউনিয়ন বিএনপি'র ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সরদার মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মাহাতাব মোড়লের বিরুদ্ধেও চাঁদা দাবির অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

মহিলা ইউপি সদস্য রঞ্জিতা বেগম অভিযোগ করে বলেন, ৫ই আগস্টের পর উপজেলা থেকে কোনো উন্নয়নকাজ না পেলেও পরে দুটি রাস্তার কাজ পান তিনি। কাজের অনুমোদন হওয়ার পর ফকির আল মামুন টিপু তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয়, নির্মাণসামগ্রী চুরি করে নেওয়া এবং তাকে কাজ করতে না দিয়ে হুমকি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সময় লোকজন নিয়ে কাজে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেন তিনি। তিনি যাতে সরকারি উন্নয়নকাজ নির্বিঘ্নে করতে পারেন সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন প্রজেক্টে বালু সরবরাহকারী কামাল অভিযোগ করে বলেন তারা বৈধভাবে অন্য স্থান থেকে ট্রাকে করে বালু এনে একটি প্রতিষ্ঠানে সরবরাহ করছিলেন। এ সময় টিপুর লোকজন তাদের কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

স্থানীয় ঘের মালিক শুভঙ্কর অভিযোগ করে বলেন ফকির আল মামুন টিপু বিভিন্ন সময় তাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে ঘের দখলের চেষ্টা এবং আগাম নেওয়া টাকা ফেরত দিয়ে ঘের ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন বলেও দাবি করেন তিনি। 
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ দিকে জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মোস্তফা জামান লিটু বলেন, গত ৫ই আগস্টের পর থেকে ফকির আল মামুন টিপুর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, লুটপাট, হুমকি-ধমকি, নারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন'সহ নানা অভিযোগ দলের কাছে এসেছে। বিষয়টি একাধিকবার দলীয় ঊর্ধ্বতন নেতাদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি,
দলের ভাবমূর্তি রক্ষায় টিপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি জানান তিনি।

অন্যদিকে, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সরদার মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মাহাতাব মোড়লের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, রাখালগাছি বাজার এলাকায় ট্রাকে করে বালু এনে ড্রেজারের মাধ্যমে ভরাটকাজ চলাকালে ড্রেজার মালিক শেখ আব্দুল হামিদের কাছে প্রতি ফুট বালুর জন্য দেড় টাকা করে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দলীয় সিল ও স্বাক্ষর ব্যবহার করে লিখিত নোটিশ দিয়ে তাকে তলব করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরেক ভুক্তভোগী মোহাম্মদ আল মামুন শেখ অভিযোগ করেন, তার বাবাকে মারধরের পর উল্টো তাদের বিরুদ্ধেই একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাতেও তার নাম জড়ানো হয়েছে। এছাড়া মাদক-সংক্রান্ত তালিকায়ও তার নাম অন্তর্ভুক্ত করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, “আমি একজন পান ব্যবসায়ী। দিন এনে দিন খাই। মিথ্যা মামলার কারণে এখন এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না। বিএনপি নেতা মান্টু সরদার ও তার লোকজন আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। এরা সবাই ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সাহেবের আত্মীয়স্বজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপু। তিনি বলেন, আমি এই ইউনিয়নে নির্বাচন করেছি। তাই রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়মের সঙ্গে জড়িত নই।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপি'র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ এলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave Your Comments