পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলার ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে 'পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল হালিম, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারি, সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান শাওন এবং তেঁতুলিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তোফায়েল আহমেদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে সেশন পরিচালনা করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো: রফিউল বারী।
এ আয়োজনে ভেরসা স্লুইসগেট প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দল (WMG)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী কৃষকরা ভেরসা স্লুইসগেট প্রকল্পের সার্বিক উন্নয়ন, কার্যকর সেচ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রকল্পটির আধুনিকায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।