খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার অন্যায় ও অনৈতিক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় সাধারণ মানুষ। এই বদলির প্রতিবাদে এবং তাঁকে দাকোপেই পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ।বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টারদিকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চালনা আচাভুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কামরুল হোসেন শেখের সভাপতিত্বে এবং মো. হাফিজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মোল্লা, তপন রায়, মুফতি ইকবাল হোসেন, আবুল হাসান, অনুকূল ঠাকুর, প্রশান্ত মন্ডল, আসিফ ইকবাল টিটু, পংকজ বাইন ও মিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডাঃ সুদীপ বালা দাকোপের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছিলেন। তাঁর হঠাৎ এই বদলির আদেশে উপজেলার চিকিৎসাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে এই বদলি আদেশ বাতিল করে তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডাঃ সুদীপ বালাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ২০ শয্যাবিশিষ্ট টিয়ারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।