ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ লাখ টাকায় ১৩ মাস বয়সী শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগে মায়ের করা মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরাট গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে নাঈম তার ১৩ মাস বয়সী শিশু সন্তান মোজাহিদকে দুই লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন।
পরে শিশুটির মা রোজিনা বেগম বিষয়টি জানতে পেরে ১ অক্টোবর-২০২৬ ইং তারিখ নিজ শিশুর খোঁজ নিতে ঢাকা থেকে মাইজহাটি সুতিভরাট গ্রামে এসে সন্তান বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনা তদন্তের জন্য এসআই ফারুক হোসেনকে দায়িত্ব দেন। পরে তদন্তকারী কর্মকর্তা রোজিনা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
পরে মঙ্গলবার আনুমানিক ভোর পৌনে ছয়টার দিকে দোহার থানার হরিচন্ডি চর মাহমুদপুর গ্রামের আবেদ মোল্লার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময়, ওই গ্রামের হাসেম মোল্লার পুত্র আবেদ মোল্লা (৩৫)ও তার স্ত্রী শিখা(৩৫)সহ এজাহার নামীয় আসামী ঈশ্বরগঞ্জের মাইজহাটি সুতিভরাট গ্রামের উজ্জ্বল মিয়া (৫০)ও তার স্ত্রী আয়শা খাতুন (৪৫), উচাখিলা গ্রামের শরীফা খাতুন (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি সাজ্জাদ রোমন জানান, বুধবার উদ্ধারকৃত শিশুসহ গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।