'মিথ্যা ও বিভ্রান্তিকর’ পোস্টের অভিযোগে ফেক ফেসবুক গ্রুপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
news-banner
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. শাহিন (৩৭) নামে এক ব্যক্তি। তিনি সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং একটি ওষুধ কোম্পানিতে এমপিও হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহিনের পিতা মো. শামীম। গত ৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফেসবুকের কয়েকটি গ্রুপে তাকে নিয়ে ‘সৈয়দপুরে টাপেন্টা ও মাদকসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগ’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়।

শাহিনের অভিযোগ, ওই পোস্টে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। এতে তার সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগে তিনি জানান, ‘সৈয়দপুর নিউজ/Saidpur News’, ‘হ্যালো সৈয়দপুর/Hello Saidpur’ এবং ‘Saidpur Crime News’সহ কয়েকটি ফেসবুক গ্রুপে ওই পোস্টটি ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পোস্টটি তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগকারী আরও দাবি করেন, এসব ফেসবুক গ্রুপে এর আগেও বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সামাজিকভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন মো. শাহিন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগে উত্থাপিত তথ্যের সত্যতা যাচাই এবং তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্তভাবে বলা সম্ভব হবে।

অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় ফেসবুকে প্রচারিত পোস্টে উত্থাপিত অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি।

Leave Your Comments