রংপুরের গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফ দরবারের গদ্দিনশীন পীর শাহ মো. রুহুল মাহমুদ ওজায়ের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে গতকাল বুধবার রাত ৭:২০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ ঢাকায় দুটি স্থানে, রংপুর রাধাবল্লভ এলাকায় এবং তার জন্মস্থান গংগাচড়ার পাকুড়িয়া শরীফে অনুষ্ঠিত হয়। এতে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের লাখো মানুষের ঢল নামে। তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর সদর উপজেলা শাখা। এক যৌথ শোকবার্তায় সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে অত্র অঞ্চলে দ্বীনের খেদমতে এক অপূরণীয় ক্ষতি হলো। তারা শোকসন্তপ্ত পরিবার ও লাখো মুরিদানের প্রতি গভীর সমবেদনা জানান।