পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিবেশ সুরক্ষা, সৌন্দর্য বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তেঁতুলিয়া পাথর-বালি সমিতির সহযোগিতায় উপজেলা ডাকবাংলো থেকে বাইপাস পর্যন্ত রাস্তার দুই ধারে ধুলাবালি ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা করা হয়েছে।বুধবার(১৩ অক্টোবর) সকালে দিনব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি সমিতির সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাথর-বালি ব্যবসায়ী লিংকন ইসলাম, হারুন অর রশিদ, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলামসহ সমিতির অন্যান্য ব্যবসায়ী ও বিপুল সংখ্যক শ্রমিকবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে নেতৃবৃন্দ বলেন, তেঁতুলিয়া উপজেলা ডাকবাংলো থেকে বাইপাস পর্যন্ত সড়কটি পথচারী ও যানবাহন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের দুই ধারে ধুলাবালি আবর্জনা ওঠার কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জনস্বার্থ ও এলাকার পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগে তেঁতুলিয়া পাথর-বালি সমিতি ও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সুন্দর ও পরিচ্ছন্ন তেঁতুলিয়া গড়তে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক কাজের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।
উপজেলা প্রশাসন ও পাথর-বালি সমিতির যৌথ এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পথচারী ও সচেতন নাগরিক সমাজ।