সৈয়দপুরে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন কাকলি রানী দাস। রবিবার সৈয়দপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পদ্মা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে তত্ত্বাবধানে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে এই বিরল ঘটনাটি ঘটে। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ আছেন।
পদ্মা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী শাহিবুল ইসলাম লেবু জানান , দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাটের চক সন্যাসী শাহাপাড়া গ্রামের টাইলস মিস্ত্রী বিদ্যুৎ চন্দ্র দাসের স্ত্রী কাকলী রানী দাস দীর্ঘদিন ধরে আমার পদ্মা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টির তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।
গতকাল তার প্রসব বেদনা শুরু হলে দ্রুত ডা নাহিদ আক্তার বৃষ্টির পরামর্শ নেওয়া হয়। আজ তারই দক্ষতার নেতৃত্বে সফলভাবে এক সঙ্গে তিন সন্তানের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সম্পন্ন হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এক সাথে তিন সন্তানের মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা বিদ্যুৎ চন্দ্র দাস। তিনি বলেন, "ঈশ্বরের আশীর্বাদে আমরা এক সাথে তিন সন্তান পেয়েছি, আমরা খুব খুশি।"
এ বিষয়ে ডা. নাহিদ আক্তার বৃষ্টি বলেন, "এটি একটি বিরল ও আনন্দের ঘটনা। মা ও তিন সন্তানই সুস্থ আছে। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।"
উল্লেখ্য, ডা. নাহিদ আক্তার বৃষ্টি সৈয়দপুরের পদ্মা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, রংপুর রোড, বাঙালিপুর মোড়ে নিয়মিত রোগী দেখেন।