সিরাজদিখানে হত্যার বিচার ও মতি স্যারের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
news-banner
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোলাপ ও তার পাঁচ বছর বয়সী শিশু তওয়ার হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সোহরাব হোসেন (মতি স্যার)-এর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা এলাকায় ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গোলাপ ও তার নিষ্পাপ শিশু তওয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। একই সঙ্গে সোহরাব হোসেন (মতি স্যার)-এর বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান তাঁরা।
বক্তারা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোল্লা, রনি দেওয়ান, শেখ আরিফ হোসেন, নাজমুল হোসেন, বায়েজিদ হোসেন, রফিক শেখ, জাহিদুল ইসলাম বেপারীসহ স্থানীয় ছাত্রসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের বিচার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবী জানানো হয়।

Leave Your Comments