অপহরণ নাকি অন্য ঘটনা? নারায়ণগঞ্জে যুবক উদ্ধার ঘিরে ধর্ষণ ও অর্থ লেনদেনের অভিযোগ

মারুফ আলম নারায়নগঞ্জঃ

Date: শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের আইলপাড়া। এক যুবককে অপহরণ করে আটকে রাখার অভিযোগে তাঁর বড় বোন থানায় অভিযোগ করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেন। তবে ঘটনাটির অনুসন্ধানে সামনে এসেছে ভিন্ন চিত্র।

স্থানীয়দের দাবি, ওই যুবকের সঙ্গে স্বামীর সংসারে থাকা এক নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ঘটনার আগের রাতে প্রতিবেশী এক নারী তাঁদের ঘরের ভেতরে যেতে দেখেন এবং পরে যুবককে হাতেনাতে ধরেন বলে জানান। এ সময় যুবকটি ক্ষমা চেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমের কাছে ওই যুবকও নারীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন।

অভিযোগের কেন্দ্রে থাকা যুবকের নাম মোঃ রেদয় প্রামাণিক। তবে ঘটনাটি ঘিরে ওই নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ওই নারীর অভিযোগ, তিনি যখন গণমাধ্যমের সামনে সাক্ষ্য দেন, তখন এসআই মামুন তাঁকে বাধা দিয়ে বলেন, ‘তোমার হাজবেন্ডের খবর তুমি রাখো, অন্য কে কী করলো তার খবর তুমি রাখতে যাও কেন?’

অন্যদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

এদিকে, যুবকের পরিবারের অভিযোগ, তাঁকে উদ্ধারের পর কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি প্রভাবিত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জহির ও হৃদয়ের নাম উঠে এসেছে। তবে জহির অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে জানান, অসহায় পরিবারটিকে তাঁরা সহযোগিতা করেছেন।

ঘটনাটি সমাধানের উদ্যোগ নেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এস বাবুলসহ স্থানীয় কয়েকজন নেতা। তবে আলোচনার একপর্যায়ে সেখানে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

এসআই মামুনের বক্তব্য, থানায় অপহরণের অভিযোগ পাওয়ার পরই তিনি যুবককে উদ্ধার করেছেন। ধর্ষণ বা যৌন নির্যাতনের বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখন প্রশ্ন হচ্ছে, ওই নারী যদি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাহলে তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত হচ্ছে কি না? প্রত্যক্ষদর্শী নারীকে হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা কী? আর যুবককে উদ্ধারের নামে তাঁর পরিবারের কাছ থেকে কোনো অর্থ আদায় করা হয়েছে কি না?

একটি অপহরণের অভিযোগের আড়ালে উঠে আসা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments