রোয়াংছড়ির তারাছায় অতিদরিদ্র পরিবারে মাঝে ৪২টি বকনা গরু বিতরণ

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, মে ০৫, ২০২৬
news-banner
পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে দারিদ্র্য বিমোচন ও পুষ্টি উন্নয়নের এক ব্যতিক্রমী উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে World Vision Bangladesh এবং World Vision Hong Kong। তাদের সহযোগিতায় এবং Humanitarian Foundation-এর আয়োজনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে অতিদরিদ্র পরিবারের মাঝে ৪২টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) ফাক্ষ্যং পাড়া মাঠ প্রাঙ্গণ ও তারাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পৃথকভাবে আয়োজিত এ বিতরণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করে। শিশুদের পুষ্টি চাহিদা পূরণ এবং পরিবারের টেকসই আয় বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা। তার হাত ধরেই উপকারভোগী ৪২টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে বকনা গরু তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উনিহ্লা মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াাইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, তেঁতুলিয়া পাড়া গ্রাম প্রধান ক্যনুমং মারমা, ফাক্ষ্যংগ্রী পাড়া কারবারি মংক্যসিং মারমা, পাড়া উন্নয়ন সমিতির সভাপতি অংসিংনু মারমা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুপন দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন জুটিমং মারমা। তিনি জানান, রোয়াংছড়ি এপি প্রকল্পের আওতায় তালিকাভুক্ত অতিদরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বনির্ভরতা অর্জনে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিতরণের আগে প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা রুপন দাশ প্রতিটি বকনা গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন, যাতে উপকারভোগীরা সুস্থ ও উৎপাদনক্ষম পশু পান।
স্থানীয় উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। গরু লালন-পালনের মাধ্যমে তারা যেমন নিয়মিত আয় করতে পারবেন, তেমনি পরিবারের শিশুদের পুষ্টি চাহিদাও পূরণ হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave Your Comments