বাগেরহাটের শরণখোলার উপজেলা গাবতলা বাজারে গভীর রাতে আগুন লেগে ৫ দোকান ভস্মিভূত হয়ে গেছে। শনিবার ৬ জুন রাত ২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের গাবতলা বাজারে। আর এ ঘটনায় ওই বাজারের দোকানদারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানা গেছে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা বাজারে প্রায় ১৫/ ২০ টি দোকান রয়েছে।
গভীর রাতে দোকানের পিছনে থাকা বাড়ীর মানুষ হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন বেড়িয়ে নয়ন শেখের দোকান দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পায়।
মুহুর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। তবে পানির উৎস কিছুটা দুরে থাকায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশনে খবর দিলে তারা দ্রুতগতস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হল সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকার সাঈদুল, শামীম হাওলাদার, আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান ও হাফিজা বেগম।
দোকান মালিকরা জানান এ আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাফিজা বেগমকে আর্থিক সাহায্য দিয়েছেন।
এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার বলেন, আগুন লাগার বিষয়টি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা যাতে সরকারের আর্থিক সহযোগিতা পায় এজন্য তিনি উর্ধতম কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করবেন।