শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:

Date: শনিবার, জুন ০৬, ২০২৬
news-banner
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক লোকমান মিয়া (২২) নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়া উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ এলাকার শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাস সাতগাঁও এলাকায় অন্য একটি যানকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোলায়মান আকঞ্জি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে চালককে উদ্ধার করা হয়। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনায় পিকআপচালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments