বান্দরবানের রোয়াংছড়ি বাজারের পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ময়লা-আবর্জনা অপসারণ, নালা পরিষ্কার, অবৈধ দখল উচ্ছেদ ও যানজট নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অংশৈচিং মারমা, রোয়াংছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল জলিল সওদাগর, সাধারণ সম্পাদক শ্রী সুখেন্দু কর্মকার, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কলিম সদাগর এবং রোয়াংছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা।
পরিদর্শনের সময় ইউএনও বাজারের নালার ওপর অবৈধভাবে নির্মিত একটি টিন ও লোহার স্থাপনা দুই দিনের মধ্যে অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীরকে নির্দেশ দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় রাস্তার পাশে কাঁচা মাছ বিক্রি না করে বাজারের নির্ধারিত শেডের ভেতরে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও।
তিনি রোয়াংছড়ি মহেন্দ্র মালিক সমবায় সমিতির চালকদের হরি ও শ্যামা মন্দির সংলগ্ন এলাকায় সুশৃঙ্খলভাবে যানবাহন রাখার নির্দেশ দেন, যাতে উপজেলা পরিষদের সড়ক দখল না হয়। এছাড়া টমটম চালকদের রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা না করিয়ে নির্ধারিত স্থানে যাত্রী পরিবহন এবং ধীরগতিতে যানবাহন চালানোর নির্দেশনা দেন।
ইউএনও তাজমিন আলম তুলি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল জলিল সওদাগরকে নিয়মিত বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাকে প্রকল্পের মাধ্যমে বাজারের নালা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে, যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বস্তিদায়ক হবে।