রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত
৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে এক বান্ডিল করে ঢেউটিন, ৫ হাজার টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চান সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী।
ইউএনও জেসমিন আক্তার বলেন, তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। ভাঙনকবলিত মানুষের পাশে প্রশাসন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।
নোহালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিস্তার ভাঙনে বেশ কয়েকটি বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।