সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:

Date: শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
news-banner
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রাহেমীন মারিয়া এলিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একজন প্রতিমন্ত্রীর সঙ্গে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে রাহেমীন মারিয়া এলিন বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব মিথ্যা প্রচারণা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments