বান্দরবানের রোয়াংছড়িতে তামাক চাষ নিরুৎসাহিত করা এবং কৃষকদের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার প্রাণকেন্দ্রে কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আব্দুল গফফার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)।
সভায় কৃষকদের তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি কৃষিজমিতে তামাকের পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক কৃষকদের উদ্দেশে বলেন, তামাক চাষের পরিবর্তে ধান, শাকসবজি, ডাল, ভুট্টাসহ বিভিন্ন অর্থকরী ও খাদ্যশস্য চাষের মাধ্যমে কৃষকরা লাভবান হতে পারেন।
প্রধান অতিথি বলেন, তামাক চাষ কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। একই সঙ্গে তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই কৃষিজমিতে তামাক চাষ কমিয়ে খাদ্য ও পুষ্টিনির্ভর বিকল্প ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় কৃষকদের তামাক চাষ থেকে সরে এসে নিজেদের জমির উপযোগী বিকল্প ফসল নির্বাচন, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নুসিং মারমা, মিনাখী তঞ্চঙ্গ্যাসহ কৃষি বিভাগের কর্মকর্তারা এবং প্রায় ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।