'থ্যাঙ্ক ইউ, টিচার’—ফুল, চকলেট ও উপহার দিয়ে প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানাল ক্ষুদে শিক্ষার্থীরা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ফুল, চকলেট ও উপহার দিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানায়।
সৈয়দপুরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, বিশ্ব শিক্ষক দিবসকে ঘিরে শ্রেণিকক্ষ সাজিয়ে বর্ণিল পরিবেশ তৈরি করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা হাতে তুলে দেয় ফুল, চকলেট ও নানা উপহার। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আনন্দমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের এই ভালোবাসার প্রকাশ শিক্ষক-শিক্ষার্থীর মধুর সম্পর্ককে আরও গভীর করে তোলে।