রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

Date: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
news-banner
শিক্ষকের মর্যাদা, শিক্ষার অগ্রগতি’—এই প্রত্যয়ে বান্দরবানের রোয়াংছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফয়াজ।
আলোচনা সভায় শিক্ষকদের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সভায় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, মংচসিং মারমা, নোহা ত্রিপুরা, নিরুপম চাকমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুথোয়াই বারান, মডেল সপ্রাবি প্রধান শিক্ষক চয়ইমং মারমা, ভাঙ্গামুড়া সপ্রাবি প্রধান শিক্ষক চয়ি মারমা, জামাচন্দ্র সপ্রাবি প্রধান শিক্ষক উচহ্লা মারমা, তুলাছড়ি সপ্রাবি প্রধান শিক্ষক শিমন দাশ গুপ্তসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রোয়াংছড়ি কলেজ, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।
বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Leave Your Comments