সিরাজগঞ্জের তাড়াশে জটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম এবং সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।
রবিবার ( ১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আটক চারজনকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে মো. আব্দুল আলিম সরকার (৪৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. লুৎফর রহমান (৩২), ভুইয়াগাতী গ্রামের দীপক কুমার সরকারের ছেলে সম্রাট কুমার সরকার (৩৮) এবং আমডাঙ্গা গ্রামের রওশন আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩২)। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে হামকুড়িয়া এলাকায় সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।