সুন্দরবনে ফাঁদে পড়া দুই হরিণ ও বন্য শূকর উদ্ধার, ১৪৮টি ফাঁদ জব্দ

শরণখোলা থেকে নইন আবু নাঈম তালুকদারঃ

Date: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
news-banner
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া দুটি হরিণ ও একটি বন্য শূকরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুনরায় বনে ছেড়ে দিয়েছেন বনরক্ষীরা। এ সময় হরিণ শিকারের কাজে ব্যবহৃত ১৪৮টি ডোয়া ফাঁদ জব্দ করা হয়।

সোমবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের বাউন্ডারি ও কুঞ্চির খাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, জোংড়া টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নিয়মিত পায়ে হেঁটে বনাঞ্চলে টহল দিচ্ছিল। টহলের একপর্যায়ে শিকারিদের পেতে রাখা ফাঁদে প্রাণীগুলোকে ছটফট করতে দেখেন তারা। দ্রুত এগিয়ে গিয়ে হরিণ দুটি ও বন্য শূকরটিকে নিরাপদে ফাঁদমুক্ত করে আবার গভীর বনে অবমুক্ত করা হয়।

ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় এবং শিকারিদের দৌরাত্ম্য বন্ধে বন বিভাগের অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে নিয়মিত হেঁটে টহল পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় শিকারিদের কাউকে আটক করা না গেলেও, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বন বিভাগ।

Leave Your Comments