ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৩ নারী সহ ৪ জন নিহত হয়েছেন।৪ মে-২০২৬ ইং তারিখ রোজ সোমবার আনুমানিক বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশা চালক এবং ট্রাকের চালক ও হেলপারও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এই দূর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।